Friday, July 11, 2025

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণের’ অভিযোগ, কৃষি কর্মকর্তা কারাগারে

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণের’ অভিযোগ, কৃষি কর্মকর্তা কারাগারে

 



বিয়ের প্রলোভনে ‘ধর্ষণের’ অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ ওরফে মিমো (৩৮)–কে কারাগারে পাঠিয়েছেন আদালত।


 



বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী মোজাম্মেল হক।


 


 


মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মিমো কাহালু উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকাকালে প্রতিবেশী এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে আত্মহত্যার হুমকি দেন তিনি। পরে বিয়ের আশ্বাসে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।


 


 


চলতি বছরের ১৩ এপ্রিল কাহালুর বাটালদিঘী এলাকার একটি বাড়িতে, শ্মশানঘরের পাশে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনাটি জানাজানি হলে বিয়েতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে প্রাণনাশের হুমকিও দেন।


 


 


এ ঘটনায় ২২ এপ্রিল কাহালু থানায় তরুণী বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন মামুনুর রশিদ। বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 


 


বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আদালতের আদেশ অনুযায়ী বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র:ইত্তেফাক .কম

Sunday, July 6, 2025

সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংক্রান্ত পরিচিতি ও মতবিনিময় সভা | Sunamganj24.tv

সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংক্রান্ত পরিচিতি ও মতবিনিময় সভা | Sunamganj24.tv

 


সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংক্রান্ত পরিচিতি ও মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি::

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম" এবং ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ জুলাই) সকালে সুনামগঞ্জ জগৎ জ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এই সভার আয়োজন করে 'কনশাস কনজিউমার্স সোসাইটি' (সিসিএস) সুনামগঞ্জ জেলা শাখা।


ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিসিএস সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী (সিসিএস) জাহিদ হাসান চৌধুরী, নুরুল হক, আব্দুস সামাদ আফিন্দী, এম এ বারী সিদ্দিকী, মোঃ আলী রেজা, হাফিজ বিল্লাল হোসেন, মোঃ আজহারুল ইসলাম, মোঃ কপিল উদ্দিন, মোঃ শের আলম, শাহাবুদ্দিন সিহাব, শহিদুল ইসলাম রেদুয়ান, আবুল হাসান, নুরুল হক, নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান, প্রমূখ।


সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত না হলে বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বাজারে পণ্যদ্রব্যের মান, মূল্য ও নিরাপত্তা বিষয়ে প্রতিটি ভোক্তার সচেতন থাকা প্রয়োজন।


আলোচনায় আরও উঠে আসে খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মূল্য না লেখা, এবং অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়ম রোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও জরুরি। সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের সভা, প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে।


সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।